বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা
ছবি: বিবিসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে বড় পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অংশগ্রহণকারী দলগুলোর অর্থ পুরস্কার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ফিফা। আগামীকাল ভ্যানকুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের আর্থিক অনুদান এবং ২১১ সদস্য দেশের উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপসহ চার বছরের চক্রে ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বিশ্বকাপ থেকেই প্রায় ৯ বিলিয়ন ডলার আয় হতে পারে।

এর আগে ফিফা ৭২৭ মিলিয়ন ডলারের রেকর্ড অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। প্রস্তাব অনুযায়ী ৪৮টি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার পাবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার পর্যন্ত।

রাউন্ডভিত্তিক অগ্রগতিতেও অর্থ পুরস্কার যুক্ত রয়েছে—রাউন্ড অব ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে পৌঁছালে আলাদা অর্থ প্রদান করা হবে।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ৪৮ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখন সবার নজরে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন