লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা উড়ালেন ইয়ামাল

লা লিগা শিরোপা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। ক্লাবের খোলা বাসের শোভাযাত্রায় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই স্প্যানিশ ফুটবলার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় ১৮ বছর বয়সী ইয়ামালকে বাসের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
এর কয়েক ঘণ্টা আগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ইনজুরির কারণে এল ক্লাসিকো ম্যাচে খেলতে না পারলেও পরদিন সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ দেন ইয়ামাল।
ভিডিওতে দেখা যায়, তিনি হাস্যোজ্জ্বলভাবে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবং ফিলিস্তিনের পতাকা হাতে সমর্থকদের উদ্দেশে অভিবাদন জানাচ্ছেন।
তার এই পদক্ষেপকে অনেকে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন। ফুটবলভক্ত, অধিকারকর্মী এবং বিশ্লেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসা করেছেন।
গাজার এক ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম লিখেছেন, এটি শুধু একটি অঙ্গভঙ্গি নয়, বরং গাজার মানুষের প্রতি এক শক্তিশালী বার্তা। তিনি ইয়ামালকে ধন্যবাদ জানিয়ে বলেন, গাজা থেকে তিনি ভালোবাসা পাচ্ছেন।
গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও কর্মসূচিতে পতাকা বহন করা হচ্ছে। গাজায় চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে এই ইস্যুটি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন এবং সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত।
শিরোপা উৎসব শেষে ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন, যা কয়েক মিলিয়ন লাইক ও বিপুল শেয়ার পায়। পোস্টটিতে সতীর্থ ও আন্তর্জাতিক ফুটবলাররাও মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, একটিমাত্র ছবি দিয়েই ইয়ামাল বিশ্বজুড়ে রাজনৈতিক ও মানবিক আলোচনায় বড় ধরনের প্রভাব ফেলেছেন।