বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এমএলএসে একাই ২৮ দলের স্কোয়াড বেতনের চেয়ে বেশি আয় মেসির

এমএলএসে একাই ২৮ দলের স্কোয়াড বেতনের চেয়ে বেশি আয় মেসির
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কেবল ইন্টার মায়ামিই নয়, পুরো আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস)-এর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ইউরোপীয় ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই লিগটির দর্শকসংখ্যা, অনুসারী ও জার্সি বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এবার ২০২৬ মৌসুমে নিজের বেতন আরও বাড়িয়ে নতুন আলোচনায় এসেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা। নতুন চুক্তিতে তার মোট গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকার বেশি।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এমএলএসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় মেসি। এমনকি তার আয় দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের তুলনায়ও দ্বিগুণের বেশি।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত ২০২৬ মৌসুমের বেতন তালিকা অনুযায়ী, মেসি একাই এমন পরিমাণ অর্থ আয় করছেন যা এমএলএসের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের বেতন ব্যয়ের চেয়েও বেশি।

নতুন চুক্তিতে মেসির মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার। এর সঙ্গে রয়েছে বিভিন্ন গ্যারান্টিযুক্ত সুবিধা। তবে এতে অতিরিক্ত স্পন্সরশিপ চুক্তি, পারফরম্যান্স বোনাস কিংবা সহযোগী প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত নয়।

মেসির বেতন বৃদ্ধির প্রভাব পড়েছে ইন্টার মায়ামির মোট ব্যয়েও। গত মৌসুমে ক্লাবটির বেতন খাতে ব্যয় ছিল ৪ কোটি ৬৮ লাখ ডলার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৬ লাখ ডলারে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। প্রথম চুক্তিতে তার গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ছিল ২ কোটি ৪ লাখ ডলারের বেশি। পরে গত অক্টোবরে তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত নতুন তিন বছরের চুক্তি করেন।

মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে ৫৯টি গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।

আগামী মাসে ৩৯ বছরে পা দিতে যাওয়া এই আর্জেন্টাইন মহাতারকা এখনও মাঠে নিজের প্রভাব ধরে রেখেছেন। গত মৌসুমে ২৯ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বার এমভিপি পুরস্কারও জেতেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন