বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সমালোচনাকে পাত্তা নয়, সিলেট টেস্টে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

সমালোচনাকে পাত্তা নয়, সিলেট টেস্টে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর চাপে রয়েছে পাকিস্তান দল। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ১০৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের কাছে টানা তিন টেস্ট হারায় পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

তবে এসব সমালোচনায় বিচলিত নয় পাকিস্তান শিবির। বরং সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখাচ্ছে দলটি। আগামীকাল (শনিবার) থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই শান মাসুদের দলের সামনে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ বলেন, প্রথম টেস্টের ফল হতাশাজনক হলেও দল আত্মবিশ্বাস হারায়নি। তিনি বলেন, প্রথম টেস্টের পর আমরা অবশ্যই হতাশ। তবে আমরা বিশ্বাস করি, পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসতে পারব। খারাপ পারফরম্যান্সের পর সমালোচনা হওয়া স্বাভাবিক, কিন্তু এসব আমাদের প্রভাবিত করছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান দল নিয়ে চলা আলোচনা নিয়েও মন্তব্য করেন সরফরাজ। তিনি জানান, দল এখন পুরোপুরি সিলেট টেস্টের দিকেই মনোযোগ দিচ্ছে।

তার ভাষায়, সোশাল মিডিয়ায় নানা ধরনের কথা হচ্ছে, কিন্তু আমরা সেদিকে মন দিচ্ছি না। আমাদের ফোকাস এখন শুধু পরের ম্যাচ। আশা করছি, সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী দল মাঠে ভালো পারফর্ম করবে।

এর আগে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে মিরপুরেও জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে গতির ঝড় তুলে পাঁচ উইকেট শিকার করেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের বোলিংয়েও চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন