ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দ্রুত সাজঘরে ওপেনাররা

মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেছিলেন মাত্র ১৩ রান। পাকিস্তানের বিপক্ষে সিলেটে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও তিনি ফিরলেন শূন্য রানে।
দিনের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন জয়। অন্যপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুত রান তোলার চেষ্টা করলেও টাইমিংয়ের ভুলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি (২৬)।
এরপর ক্রিজে বেশ সাবলীল ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা একটি ডেলিভারিতে লাইন মিস করে স্টাম্প হারান তিনি। খুররম শেহজাদের বলে ২২ রান করে ফেরেন মুমিনুল।
মাত্র ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। একাদশে দুটি পরিবর্তন আনা হয়। তানজিদ হাসান তামিমের অভিষেক নিশ্চিত ছিল আগেই। মিরপুর টেস্টের পর সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় এবং এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়।
ইনিংসের শুরুতেই মুহাম্মদ আব্বাসের করা প্রথম বলটি মিস করেন জয়। বলটি তার পায়ে লাগলে এলবিডব্লিউ আবেদন উঠলেও এই দফায় বেঁচে যান তিনি।
তবে দ্বিতীয় বলেই আর রক্ষা হয়নি। স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে ফেরেন জয়।
শুরুর ধাক্কা সামলে মুমিনুল ও তামিম জুটি গড়ার চেষ্টা করেন। তাদের ৪৪ রানের জুটি ভাঙে তামিমের বিদায়ে। মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং মিস করলে বোলার আব্বাস সহজ ক্যাচ নেন। ৩৪ বলে ২৬ রান করে থেমে যায় অভিষেক ইনিংস।
পরে মুমিনুল-শান্ত জুটিও বেশি দূর এগোয়নি (১৯ রান)। খুররমের দারুণ এক ডেলিভারিতে মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে যায়।