বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহবুব উল আনাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রভাবশালী ক্রীড়া সংগঠক মহবুব আনাম। দীর্ঘদিন ধরে তিনি বোর্ডের সঙ্গে যুক্ত থাকলেও এবার সভাপতি পদে লড়াইয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এর আগে শনিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৬ সালে ক্রিকেট প্রশাসনে যুক্ত হন মহবুব আনাম। তখন তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)-এর সঙ্গে কাজ শুরু করেন। পরে ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকার আপত্তি গ্রহণ চলবে এবং ১৯ মে সেই আপত্তির শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলবে। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ২৩ মে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪ মে মনোনয়ন নিয়ে আপত্তি ও শুনানি অনুষ্ঠিত হবে এবং ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও হবে। ফলাফলও একই দিনে ঘোষণা করা হবে।
নিয়ম অনুযায়ী, মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরি থেকে— জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন।