বাংলাদেশের স্বপ্নযাত্রায় সাময়িক বাধা বৃষ্টি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ অবস্থানে ছিল স্বাগতিক দল। তবে বাংলাদেশের দাপুটে বোলিংয়ের মাঝে হঠাৎ বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচের ৪২তম ওভারে বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা স্থগিত ঘোষণা করেন। এরপর দ্রুত মাঠ কাভার দিয়ে ঢেকে দেন গ্রাউন্ডস্টাফরা।
বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৮৭ রান। মারনাস লাবুশেন ৫৫ রানে অপরাজিত ছিলেন, আর নাথান এলিস ব্যাট করছিলেন ২ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ শুরু করে অস্ট্রেলিয়া। মাত্র ২ ওভারের মধ্যেই কোনো রান না তুলেই ৩ উইকেট হারায় সফরকারীরা।
তাসকিন আহমেদের বোল্ডে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট। এরপর মোস্তাফিজুর রহমানের শিকার হন কুপার কনোলি ও ম্যাট রেনশ। দুই ব্যাটারই শূন্য রানে সাজঘরে ফেরেন।
এরপর অ্যালেক্স ক্যারিকেও (১৩) ফিরিয়ে দেন মোস্তাফিজ। ফলে ৭.৩ ওভারে ৪ উইকেটে মাত্র ২৫ রান তোলে অস্ট্রেলিয়া।
পঞ্চম উইকেটে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজন মিলে ৫৯ বলে ৪৩ রানের জুটি করেন।
১৮তম ওভারে তানভীর ইসলাম ইংলিসকে (৩৪) ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর চার ওভার পর ক্যামেরন গ্রিনকেও (৫০) কট অ্যান্ড বোল্ড করে ফেরান এই বাঁহাতি স্পিনার।
তানভীরের জোড়া আঘাতে ২১.১ ওভারে ৬ উইকেটে ৮১ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া।
বিপর্যয়ের মুখে সপ্তম উইকেটে দলকে টেনে তোলেন মারনাস লাবুশেন ও হ্যাভিয়ের বার্টলেট। তারা ১১৫ বলে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
৪১তম ওভারে তাসকিন আহমেদের বলে ৫২ রান করে বোল্ড হন বার্টলেট। ৪৮ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
এরপর পরের বলেই অ্যাডাম জাম্পাকে শূন্য রানে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন তাসকিন। তবে হ্যাটট্রিক পূরণ করতে পারেননি তিনি।