প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: ব্রাজিল কোচ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাও।
ম্যাচে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে দলটি। শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
মরক্কোর আক্রমণাত্মক শুরুর বিপরীতে কিছুটা অগোছালো দেখা যায় ব্রাজিলকে। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, শুরুটা প্রত্যাশিত ছিল না এবং খেলোয়াড়দের মধ্যে স্নায়ুচাপ কাজ করেছে।
তিনি বলেন, “আমরা ভালো খেলিনি, তবে হতাশ হওয়ার কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই নিখুঁত পারফরম্যান্স আশা করা বাস্তবসম্মত নয়।”
আনচেলত্তি আরও বলেন, এই ড্র খারাপ ফল নয়, তবে পরবর্তী ম্যাচগুলোতে উন্নতি করতে হবে। তার ভাষায়, বিশ্বকাপ এক ম্যাচে জেতা যায় না।
গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও ম্যাচ শেষে স্বীকার করেন, ব্রাজিল শুরুতে ভালো খেলতে পারেনি। তার মতে, প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, “আমাদের উন্নতি করতে হবে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে, সহজ কোনো ম্যাচ নেই।”
বিশ্বকাপে শক্তিশালী সূচনা ধরে রাখার জন্য পরিচিত ব্রাজিল এবার প্রথম ম্যাচেই বাধার মুখে পড়ল, যা দলটির সামনে চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিল।