আজ বিশ্বকাপ মঞ্চে স্পেন-বেলজিয়ামের অভিষেক

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে কেপ ভার্দে। সোমবার আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা। কাগজে-কলমে এটি টুর্নামেন্টের সবচেয়ে অসম লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।
কেপ ভার্দে বাছাইপর্বে আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অভিষেক আসরেই তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে স্পেন।
অন্যদিকে, ২০১০ সালের বিশ্বকাপ জয়ের পর স্পেন পরবর্তী তিন আসরে শেষ ষোলো পেরোতে ব্যর্থ হলেও ইউরো ২০২৪-এ শিরোপা জিতে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে লা রোহা।
দলের মিডফিল্ডে পেদ্রি, রদ্রি ও ফাবিয়ান রুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। ইউরো জয়ী দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস ইনজুরি থেকে সেরে উঠলেও শুরু থেকেই তাদের না খেলানোর সম্ভাবনাই বেশি। বেঞ্চে ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল ও আলেক্স বায়েনার মতো বিকল্প রয়েছে।
এদিকে গ্রুপ ‘জি’-তে আরেক ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিশর। ম্যাচটি শুরু হবে রাত ১টায় এবং সম্প্রচার করবে একই চ্যানেলগুলো।
কাগজে-কলমে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামলেও বেলজিয়ামের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারে সংগঠিত মিশর। ম্যাচটির বড় আকর্ষণ কেভিন ডি ব্রুইনা ও মোহাম্মদ সালাহর দ্বৈরথ, যা ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তেজনা দেবে।