আমাকে পরামর্শ দেওয়ার যোগ্য শুধু ফার্গুসন: ব্রাজিল কোচ

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাধারণত শান্ত ও সংযত স্বভাবের জন্য পরিচিত। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বের সেরা ক্লাবগুলোর দায়িত্ব পালন করলেও সমালোচনার জবাবে খুব কমই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। তবে এবার ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চলমান সমালোচনার জবাব দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই ইতালিয়ান কোচ।
জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে শেষ ষোলোতে উঠলেও ব্রাজিলের খেলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, দলটি আগের মতো আক্রমণাত্মক বা ধারালো ফুটবল খেলছে না, যা নকআউট পর্বে সমস্যার কারণ হতে পারে।
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ইতালিতে একটি প্রচলিত কথা আছে—সব পুরুষই ফুটবল কোচ হতে চায়, আর সব নারী স্থপতি হতে চায়। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, ফুটবল নিয়ে মতামত দেওয়ার মানুষের অভাব নেই।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আনচেলত্তি বলেন, তিনি ফুটবল বোঝেন কি না, সে বিষয়ে অন্যদের বিচার করার সুযোগ নেই। কারণ কোচ হিসেবে তিনি ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪০০ ম্যাচ পরিচালনা করেছেন, যা তার অভিজ্ঞতার শক্ত ভিত্তি তৈরি করেছে।
এরপর ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা উল্লেখ করে আনচেলত্তি বলেন, ফার্গুসন দুই হাজারের বেশি ম্যাচে কোচিং করিয়েছেন। তিনি সবার মতামত শুনতে আগ্রহী হলেও পরামর্শ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কাউকে মানেন, তবে তিনি কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন।
ব্রাজিলের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আনচেলত্তির এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।