বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভাইটালিটি ব্লাস্টে কেন্টের জার্সিতে খেলবেন হাসান মাহমুদ

ভাইটালিটি ব্লাস্টে কেন্টের জার্সিতে খেলবেন হাসান মাহমুদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর ইংল্যান্ডে আরও একটি নতুন মঞ্চে দেখা যাবে বাংলাদেশি পেসার হাসান মাহমুদকে। এবার তিনি খেলবেন জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে, যেখানে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

কেন্ট ক্রিকেট নিশ্চিত করেছে, গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসান মাহমুদকে। এর মাধ্যমে তিনি ভাইটালিটি ব্লাস্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। এর আগে ২০১৬ সালে এই টুর্নামেন্টে সাসেক্সের হয়ে খেলেছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, কেন্ট স্পিটফায়ার্সের জার্সিতে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি হলেন হাসান।

নতুন এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২৫ বছর বয়সী এই পেসার। কেন্টের প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, কাউন্টিতে কাটানো সময়টি তার জন্য দারুণ অভিজ্ঞতার ছিল এবং দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত।

হাসান বলেন, ‘কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে আবার সুযোগ পেয়ে কোনো দ্বিধা করিনি। সামনে থাকা তিনটি ম্যাচ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে জায়গা করে নিতে আমি নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমার ওপর আস্থা রাখার জন্য কেন্টকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া আমার জন্য বড় অর্জন। একই সঙ্গে বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে শক্তভাবে ফেরার প্রস্তুতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন