বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মিসর ম্যাচে কাদের নিয়ে নামবেন স্কালোনি?

মিসর ম্যাচে কাদের নিয়ে নামবেন স্কালোনি?
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে এবার বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমন তথ্য জানিয়েছে।

আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ। প্রতিবেদনে বলা হয়েছে, কেপ ভার্দের বিপক্ষে খেলা একাদশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে পরিবর্তন আনতে চান স্কালোনি। তবে তিনটির বেশি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

শেষ ষোলোর ম্যাচের আগে দল একটি ক্লোজড-ডোর অনুশীলন করবে। সেই অনুশীলনের পরই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনা কোচ। কোচিং স্টাফের লক্ষ্য পুরো দল বদলে ফেলা নয়, বরং নির্দিষ্ট কয়েকটি পজিশনে ভারসাম্য আনা।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে কে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। চোট কাটিয়ে হুলিয়ান আলভারেস দলে ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন লাওতারো মার্টিনেস।

লাওতারো আগের ম্যাচে প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেননি। বদলি হিসেবে নেমে আলভারেসও নিজের সেরাটা দেখাতে ব্যর্থ হন। ফলে মিসরের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাবেন কে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লেফট ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনা ভালো খেললেও টুর্নামেন্টজুড়ে নিয়মিত একাদশে থাকা নিকোলাস তালিয়াফিকোকে আবারও সুযোগ দেওয়া হতে পারে। তবে কেপ ভার্দের বিপক্ষে শারীরিক অস্বস্তিতে পড়ায় তাঁর ফিটনেস পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মিডফিল্ডেও নতুন সমন্বয় দেখা যেতে পারে। শুরুর একাদশে জায়গা পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গনসালেস। সে ক্ষেত্রে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে। গনসালেস আক্রমণভাগে ভূমিকা পালন করবেন, আর পারেদেস খেলবেন কেন্দ্রীয় মিডফিল্ডে।

শেষ ষোলোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞতা ও কৌশলের সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন