বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাতীয় জাদুঘরে মেসির জার্সি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জাতীয় জাদুঘরে মেসির জার্সি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত ফুটবলপ্রেমী।

জার্সিটিতে শুধু লিওনেল মেসির নয়, ২০২২ বিশ্বকাপজয়ী দলের দুই তারকা জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের স্বাক্ষরও রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন এই তিন ফুটবলারের অটোগ্রাফ সংবলিত জার্সিটি বিশেষভাবে সংরক্ষণ করে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে।

জাদুঘরের নির্ধারিত প্রদর্শনী কক্ষে বিশেষ ফ্রেমে রাখা হয়েছে জার্সিটি। দর্শনার্থীরা এটি ঘিরে ছবি তুলছেন, স্মৃতি ধরে রাখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত শেয়ার করছেন। অনেকের মতে, এটি বাংলাদেশে প্রদর্শিত অন্যতম মূল্যবান ফুটবল স্মারক।

জার্সিটির ফ্রেমে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও রয়েছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এই জার্সি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে প্রদর্শনীটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এটিকে দেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করছেন।

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্বাক্ষরিত স্মারক বিশ্বজুড়েই সংগ্রাহক ও ভক্তদের কাছে অত্যন্ত মূল্যবান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত এই স্বাক্ষরিত আর্জেন্টিনা জার্সিও ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন