বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শেষ ষোলোর লড়াইয়ে কে হাসবে, আর্জেন্টিনা নাকি মিশর?

শেষ ষোলোর লড়াইয়ে কে হাসবে, আর্জেন্টিনা নাকি মিশর?
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আলোচিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার শক্তিশালী দল মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর নেতৃত্বে দুই দলের পারফরম্যান্সের দিকে।

ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলন ঘিরে ছিল বাড়তি আগ্রহ। নির্ধারিত সময়ের কিছুটা পরে অনুশীলনে যোগ দেয় দলটি। শুরুতে অধিনায়ক লিওনেল মেসি কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলাদা আলোচনায় ব্যস্ত থাকলেও পরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন। পুরো সেশনজুড়েই তাকে স্বাভাবিক ও আত্মবিশ্বাসী দেখা গেছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি সূচির ব্যস্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে দীর্ঘ ভ্রমণ, ভিন্ন আবহাওয়া এবং বিভিন্ন স্টেডিয়ামের মাঠের পরিবেশ খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। তার মতে, এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর শক্তির পার্থক্য খুবই কম, তাই সামান্য ভুলও বড় মূল্য দিতে হতে পারে।

অন্যদিকে, মিশর তুলনামূলকভাবে কিছুটা বেশি বিশ্রামের সুযোগ পেলেও সেটিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন না কোচ হোসাম হাসান। তিনি বলেন, আর্জেন্টিনাকে যথেষ্ট সম্মান করলেও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজেদের স্বাভাবিক খেলায় আস্থা রেখেই মাঠে নামবে তার দল।

ইতিহাস বলছে, এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল এবং সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে অতীতের পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব বহন করে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

আর্জেন্টিনার একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোট কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকোর ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস শুরুর একাদশে জায়গা পেতে পারেন।

স্কালোনি তার খেলোয়াড়দের সতর্ক করে বলেছেন, আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি হলে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যেতে পারে। তিনি বিশ্বাস করেন, প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আর্জেন্টিনা দলের অন্যতম শক্তি হলেও জয় পেতে হলে মাঠে সর্বোচ্চ মানের ফুটবল খেলতেই হবে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে। ফলে আবহাওয়ার প্রভাব কম থাকলেও পুরো বিশ্বের নজর থাকবে দুই তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর পারফরম্যান্সের ওপর। শেষ পর্যন্ত কোন দল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন