আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই

আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ ও সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ আক্রান্ত হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে তিনি মারা গেছেন।
শাপুর জাদরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই ঘামাই জাদরান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নেওয়া হয়েছিল।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাপুর জাদরান। ২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে মোট ৮০টি উইকেট।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তিনি ১০টি উইকেট শিকার করেন, যা ওই টুর্নামেন্টে আফগানিস্তানের কোনো বোলারের সর্বোচ্চ সাফল্য ছিল।
এ ছাড়া ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে অনুষ্ঠিত চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও অংশ নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড জানায়, মাঠের পারফরম্যান্সের বাইরে শাপুর ছিলেন তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর সাহস, লড়াইয়ের মানসিকতা এবং ক্রিকেটের প্রতি নিবেদন নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছে।