বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ব্রাজিলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ব্রাজিলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর কয়েক দিন নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, দল প্রত্যাশা পূরণ করতে পারেনি।

গত ৫ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমার, ভিনিসিয়ুস, মার্কিনিওসসহ দলের একাধিক ফুটবলার আবেগাপ্লুত হয়ে পড়েন। গ্যালারিতেও হতাশায় ভেঙে পড়েন ব্রাজিলের সমর্থকেরা।

বিদায়ের পাঁচ দিন পর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ এক পোস্টে ভিনিসিয়ুস লিখেছেন, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা তার জীবনের সবচেয়ে বড় গর্ব। কিন্তু প্রত্যাশার আগেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে কী লিখবেন তা ভেবে সময় নিয়েছেন। কারণ, সমর্থকদের নীরব থেকে কিছু না বলা ঠিক হতো না। সবাইকে স্বপ্ন দেখিয়েও সেই স্বপ্ন পূরণ করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।

চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুস ব্যক্তিগতভাবে দারুণ ছন্দে ছিলেন। পাঁচ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম জাতীয় দলেও ধরে রাখলেও দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দলের প্রতিটি ফুটবলার নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন। তাদের বিশ্বাস ছিল, ব্রাজিল আরও অনেক দূর যেতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।

এদিকে চোটের কারণে পুরো টুর্নামেন্টে প্রত্যাশামতো খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও তাকে দলে রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরির কারণে তিনি মাত্র দুটি ম্যাচে মোট ৩৭ মিনিট মাঠে ছিলেন এবং একটি গোল করেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বও এখন শেষের পথে। প্রথম সেমিফাইনালে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীরা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন