বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলাবদ্ধতা ও বন্যায় লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম ইকবাল বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, “চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনার মধ্যে দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টে আমরাও সমব্যথী।”

তামিম আরও জানান, “বন্যাকবলিত মানুষের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা তা অবশ্যই করব। আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে।”

এদিকে, টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটুপানি জমে জনজীবন ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন