বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

খাওয়ার পর ১০ মিনিট হাঁটলেই মিলতে পারে ৫ স্বাস্থ্য উপকারিতা

খাওয়ার পর ১০ মিনিট হাঁটলেই মিলতে পারে ৫ স্বাস্থ্য উপকারিতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

খাওয়ার পরপরই অনেকেই বিশ্রাম নিতে বা শুয়ে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, খাবার শেষ করে মাত্র ১০ থেকে ১২ মিনিট হাঁটার অভ্যাস শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে। এটি শুধু হজম প্রক্রিয়াকে সহজ করে না, বরং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাওয়ার পর হাঁটার উপকারিতা

১. রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
খাবারের পর শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এ সময় অল্প সময় হাঁটলে পেশি গ্লুকোজ ব্যবহার শুরু করে, ফলে রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি কমে এবং ইনসুলিনের ওপর চাপও হ্রাস পায়। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্তদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

২. হজম প্রক্রিয়া সহজ করে
হালকা হাঁটার ফলে পরিপাকতন্ত্র সক্রিয় হয় এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। এতে পেট ভারী লাগা বা অস্বস্তির অনুভূতি কমে।

৩. গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমায়
খাওয়ার পর হাঁটলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল থাকে। ফলে গ্যাস জমে থাকা বা পেট ফেঁপে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যেতে পারে।

৪. অ্যাসিডিটি ও বুকজ্বালার ঝুঁকি হ্রাস
খাবারের পরপরই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। এর পরিবর্তে কিছুক্ষণ হাঁটলে খাবার সহজে নিচের দিকে অগ্রসর হয় এবং বুকজ্বালার ঝুঁকি কমে।

৫. ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়
নিয়মিত খাবারের পর হাঁটার অভ্যাস শরীরকে ইনসুলিন আরও কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করে। দীর্ঘমেয়াদে এটি বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে।

কতক্ষণ হাঁটা ভালো?

বিশেষজ্ঞদের পরামর্শ, দুপুর বা রাতের খাবারের পর অন্তত ১০ থেকে ১২ মিনিট স্বাভাবিক বা মাঝারি গতিতে হাঁটা যথেষ্ট। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি। বিশেষ করে গোটা শস্য, ডাল, শাকসবজি, বাদাম ও বীজজাতীয় খাবার নিয়মিত খেলে উপকার আরও বাড়তে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন