বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মিরাজের শতকেও স্বস্তি নেই, প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার

মিরাজের শতকেও স্বস্তি নেই, প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার মধ্যে একমাত্র উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

ওপেনার তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। অন্য ওপেনার সাদমান ইসলাম করেন ৩১ রান। এরপর মুমিনুল হক (১৬), মুশফিকুর রহিম (০), অমিত হাসান (১৫), নাজমুল হোসেন শান্ত (৩৭) এবং সৌম্য সরকার (১৬) দ্রুত আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তিনি। তার লড়াকু ইনিংসেই ৭৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬৩ রান।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন কোরি রকিচোলি। অফস্পিনে একাই ৬টি উইকেট শিকার করেন তিনি। বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নেন চার বোলার। উল্লেখযোগ্য বিষয় হলো, এই একাদশের অধিকাংশ খেলোয়াড়েরই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন