শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কক্সবাজারে এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    কক্সবাজারে এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসে আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পর বাসটির চালক ও সহকারী বাস থেকে নেমে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুন লাগার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

    বাসের যাত্রী রায়হান বলেন, ‘বাসে করে ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা চালকের সহকারী আমাদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাই। পরে আগুন দেখতে পাই। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধারে এগিয়ে আসেন।’

    আরেক যাত্রী মো. সোহেল রানা বলেন, ‘পরিবারের সাতজন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।’

    রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন