বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গুইমারায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগ

গুইমারায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার ও কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ওয়ার্কশপ’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গুইমারার রামসুবাজারে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাহাড়ি ও বাঙালি অধ্যুষিত প্রত্যন্ত এলাকা থেকে আসা মোট ১০ জন যুবক অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৮ জন পাহাড়ি ও ২ জন বাঙালি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে শিক্ষা ও প্রশিক্ষণ সহায়ক বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, দুই সপ্তাহব্যাপী এ নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবকদের মোটরযান মেরামত ও রক্ষণাবেক্ষণের বিষয়ে ব্যবহারিক ও কারিগরি জ্ঞান প্রদান করা হবে। দুর্গম ভৌগোলিক বাস্তবতায় বসবাসকারী বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকরা সেনাবাহিনীর এ মানবিক ও গঠনমূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যতে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।

এ সময় তারা পার্বত্য অঞ্চলের যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন