বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা

    সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরা হওয়ার আগেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন এলেনা রিবাকিনা। দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এই টেনিস তারকা।

    শনিবারের ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন রিবাকিনা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি।

    ফাইনালের ফল যা-ই হোক, রিবাকিনার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিশ্চিত ছিল। তবে ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপার সঙ্গে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার আনন্দও উদযাপন করেছেন তিনি।

    ফ্লাশিং মিডোজের ফাইনালে শুরু থেকেই দুই খেলোয়াড়ের পার্থক্য ছিল স্পষ্ট। রিবাকিনার শান্ত ও স্থির মানসিকতার বিপরীতে সাবালেঙ্কাকে দেখা যায় তুলনামূলক বেশি আবেগপ্রবণ। প্রথম সেটে রিবাকিনার প্রথম সার্ভ প্রত্যাশামতো কার্যকর না হলেও তিনি বিচলিত হননি। বরং দুর্দান্ত রিটার্নে সাবালেঙ্কাকে চাপে রেখে ৬-৪ গেমে সেট জিতে নেন।

    দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। রিবাকিনার খেলায় কিছুটা ছন্দপতনের সুযোগ কাজে লাগিয়ে সেটটি জমিয়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত ১২তম গেমে রিবাকিনার দ্বিতীয় সার্ভে চাপ তৈরি করে সেট জিতে ম্যাচে সমতা ফেরান বেলারুশের এই তারকা।

    তবে নির্ধারক সেটে আবারও চাপে পড়ে যান সাবালেঙ্কা। অনিয়ন্ত্রিত শটের সঙ্গে যোগ হয় হতাশা। অন্যদিকে রিবাকিনার গভীর রিটার্নে বারবার বেসলাইনে আটকে পড়েন তিনি।

    তৃতীয় সেটে ২-১ গেমে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন রিবাকিনা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

    চ্যাম্পিয়নশিপ পয়েন্টে অবশ্য কিছুটা স্নায়ুচাপ দেখা যায় রিবাকিনার খেলায়। প্রথম ম্যাচ পয়েন্টেই ডাবল ফল্ট করেন তিনি। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে পরের সুযোগেই দুর্দান্ত এক এস মেরে জয় নিশ্চিত করেন।

    এই জয়ের মধ্য দিয়ে ইউএস ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন রিবাকিনা। একই সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানেও নতুন অধ্যায় শুরু হলো তার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন