৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে

চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেট। আগামী ৩ অক্টোবর দেশের চারটি ভেন্যুতে শুরু হবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড। এবারের আসরে অংশ নেবে দেশের আটটি বিভাগীয় দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। প্রায় সাত সপ্তাহ ধরে চলবে এবারের প্রতিযোগিতা। ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
উদ্বোধনী রাউন্ডে ৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা। একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
এবারের জাতীয় লিগে প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল মোট সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। গত মৌসুমে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ।
এবারের এনসিএলের ম্যাচ হবে মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠে।