তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি

জরাজীর্ণ গেটের সঙ্গে ঝুলছিল জং ধরা তালা। গেটের ভেতরে কয়েকজন মাঠকর্মীকে গল্পগুজব করতে দেখা গেলেও স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক চিকিৎসাসেবা চালু ছিল না। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির গেট তালাবদ্ধ দেখতে পান সংসদ সদস্য। কিছু সময় গেটের সামনে অপেক্ষা করার পর পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে বিষয়টি মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানান।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘গেটে লাগানো তালা দেখে মনে হয়েছে, এটি বহুদিন আগে লাগানো হয়েছে এবং ইদানীং আর খোলা হয়নি। তালায় জং ধরে গেছে। এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবলও নেই।’
তিনি বলেন, প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার বাসিন্দাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে অসুবিধা হয়। ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়াও তাদের জন্য সহজ নয়।
‘এ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা স্বাভাবিক করতে তাৎক্ষণিকভাবে মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি,’ বলেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে মোট পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মীই কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। সংসদ সদস্য আকস্মিকভাবে সেখানে যাওয়ার কারণে ওই সময় এমন পরিস্থিতি দেখা গেছে।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো স্থানীয় মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই দ্রুত এসব স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিস্থিতি দূর করে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।