১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান

দারুণ ফর্মে আছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এখন পর্যন্ত ছয় গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মাত্র ১৬ বছর বয়সেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোর জন্য শিগগিরই স্কোয়াড ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে তারা। যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোর দলে কাভান সুলিভানকে নেওয়া হতে পারে—এ তথ্য প্রথম জানিয়েছিলেন ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হওয়া কাভানকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের পর এমএলএসে ফিরেই নজর কেড়েছেন তিনি। এরপর ছয় গোলের পাশাপাশি করেছেন আটটি অ্যাসিস্ট। তার এই পারফরম্যান্সই তাকে পচেত্তিনোর নজরে এনেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সেপ্টেম্বরের শুরুতে ভিন্ন একটি কারণে যুক্তরাষ্ট্রের কোচের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কাভান। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেললে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন বলে মনে করেন। বিশ্বকাপে শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।
কাভানের ওই মন্তব্যের বিষয়ে তখন পচেত্তিনো বলেছিলেন, ‘আমরা সবকিছুই দেখছি, সবকিছুর ওপরই নজর রাখছি। অবশ্যই আমরা প্রতিভাবান খেলোয়াড় চাই, যারা সাহসী ও আত্মবিশ্বাসী। কিন্তু এমন নয় যে, তারা এমন কিছু অনুভব করবে বা বলবে, যা তারা এখনও মাঠে দেখাতে পারেনি কিংবা অর্জন করেনি। আমার মনে হয়, কেবল (লিওনেল) মেসি হলেই একটু সীমা ছাড়িয়ে কথা বলার অধিকার থাকে। আপনি যদি আটটি ব্যালন ডি’অর জিতে থাকেন, ঠিক আছে। তখন কিছুটা ঔদ্ধত্যের সঙ্গে কথা বলতে পারেন।’
আসন্ন আন্তর্জাতিক সূচিতে কাভান মাঠে নামলে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন। সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেকের রেকর্ডটি ফ্রেডি আদুর। ২০০৬ সালে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের সময় আদু কাভানের চেয়ে কয়েক মাস কম বয়সী ছিলেন।
তবে জাতীয় দলে অভিষেকের আগেই আদুর একটি দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন কাভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের সময় তিনি উত্তর আমেরিকার বড় পেশাদার ক্রীড়া লিগগুলোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন।
২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে চুক্তি করেন কাভান সুলিভান। ওই চুক্তিতে ১৮ বছর বয়সে পৌঁছানোর পর তার ম্যানচেস্টার সিটিতে দলবদলের সুযোগ রাখা হয়েছে।
কাভান ‘সুলিভান ব্রাদার্স’-এর সবচেয়ে ছোট সদস্য। তার দুই বড় ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। অপর দুই ভাইও ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এমএলএসে খেলেছেন।