আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ

আগামী ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটির ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি বুয়েনস আইরেসের এল মনুমেন্টাল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেটি এখন বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে এএফএ। শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি না হলে লিওনেল স্কালোনির দল সেদিন লা বোম্বোনেরায় খেলতে পারে।
আর্জেন্টিনা এর আগে চলতি বছরের মার্চেও লা বোম্বোনেরায় দুটি প্রীতি ম্যাচ খেলেছে। ওই দুই ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এই সময়ে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আন্তর্জাতিক সূচি শুরু হবে।
এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি সম্ভাব্যভাবে হবে লা বোম্বোনেরায়। আর ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এল মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা উইন্ডো শেষ করবে আর্জেন্টিনা।
বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে লিওনেল মেসিকে বিদায় জানানোর আয়োজন করা হয়েছে। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এল মনুমেন্টালে ঘরের মাঠের সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় এএফএ।