শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির

    রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এমন গোষ্ঠীর বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। একই সঙ্গে লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিরা কী বলছেন এবং তাদের উদ্দেশ্য কী—সেদিকেও নজর রাখার কথা বলেছেন তিনি।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জোনায়েদ সাকি বলেন, সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। তবে এসব উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

    বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন ও বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে হবে। একই সঙ্গে নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সম্পর্কেও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    লংমার্চকারীদের উদ্দেশ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা কী ধরনের বক্তব্য দিচ্ছেন, কীভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের কী উদ্দেশ্য রয়েছে—এসব বিষয়ে জনগণকে খেয়াল রাখতে হবে।

    নতুন সড়ক নির্মাণের ফলে বাঞ্ছারামপুর ও নবীনগরে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। তার মতে, ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলা দীর্ঘদিন তুলনামূলকভাবে অবহেলিত ছিল। সড়কটি নির্মিত হলে এসব এলাকায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি কুমিল্লার কয়েকটি উপজেলার সঙ্গেও যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ বাড়বে।

    সংশ্লিষ্টরা জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। কাজ শেষ হলে বাঞ্ছারামপুর ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। স্থানীয় মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। এতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা।

    অনুষ্ঠানে কুমিল্লা সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার সভাপতিত্ব করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন