রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আজ থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

আজ থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। গতকাল শনিবার রাতে প্রকাশিত চূড়ান্ত ফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানানো হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। আর একাদশ শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

যেভাবে দেখা যাবে ফল

একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা চূড়ান্ত ফল দেখতে পারবেন। ওয়েবসাইটটি হলো—**xiclassadmission.gov.bd**। এ ছাড়া অনলাইনে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর আজ থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

যেসব কাগজপত্র লাগবে

কলেজে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে—

* এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিটের কপি
* এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
* দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
* অনলাইন আবেদন নিশ্চায়নের কপি
* শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর

সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে ভর্তির ফি ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের ধরন, এমপিওভুক্ত বা নন-এমপিও, বাংলা বা ইংরেজি ভার্সন এবং অবস্থান অনুযায়ী ফি ভিন্ন হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

৯৩ শতাংশ আসন উন্মুক্ত

ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

প্রথম ধাপে মনোনয়ন পেয়েছেন ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

এক দিন পিছিয়েছে ক্লাস শুরুর তারিখ

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফলে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল।

তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সংশ্লিষ্ট সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন