অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন। তারা অপ্রতিম হত্যার বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টা ৫ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে যানজট বাড়ছে। অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের সময় মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল বলে পরিবার জানিয়েছে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) ও আনাস নামে দুজনকে আটক করা হয়েছে। আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হ ত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি তদন্তাধীন এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। একই দিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।