শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শক্তি প্রদর্শন নয়, প্রয়োজন সংযম ও কূটনৈতিক প্রজ্ঞা

    শক্তি প্রদর্শন নয়, প্রয়োজন সংযম ও কূটনৈতিক প্রজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কথায় আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তৃতীয় বিশ্বের দেশগুলোর অবস্থাও অনেকটা তেমন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে গত আট মাসে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে যুদ্ধের বাড়তি ব্যয়। কিছুদিন পরিস্থিতির উন্নতির আশা দেখা গেলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

    মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয় মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও জনমনে অসন্তোষ এই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে। এখন প্রশ্ন, নির্বাচনের এই বার্তা কি ট্রাম্প প্রশাসনকে সংযত করবে, নাকি রাজনৈতিক ক্ষতি সামাল দিতে প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেবেন? সাম্প্রতিক ঘটনাবলি দ্বিতীয় আশঙ্কাটিও উড়িয়ে দিতে দিচ্ছে না।

    গত ৮ নভেম্বর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ছে। দেশটির সমুদ্রবন্দর অবরোধের পাশাপাশি স্থলপথে বাণিজ্য ও সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত করতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন দাবি, অবরোধের কারণে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। ওমান উপসাগরে অবরোধ অমান্য করার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণাও চাপ বাড়ানোর অংশ।

    অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর পূর্বঘোষিত সীমাবদ্ধতা প্রত্যাহারের কথা বলেছে। হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করেছে। অর্থাৎ, সংঘাতের পরিধি বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

    সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হবে। বাড়বে জাহাজ চলাচলের ঝুঁকি, পরিবহন ও বিমা ব্যয়। এর প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, কৃষি এবং নিত্যপণ্যের বাজারে। উন্নত দেশগুলো কিছুটা চাপ সামলাতে পারলেও আমদানিনির্ভর দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। মূল্যস্ফীতি বাড়বে, মানুষের প্রকৃত আয় কমবে এবং কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

    বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্যও এ পরিস্থিতি উদ্বেগজনক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়লে আমদানি ব্যয়ের ওপর চাপ পড়বে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্পের খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে। এমনিতেই জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষ চাপে রয়েছে। নতুন করে জ্বালানি সংকট তৈরি হলে সেই চাপ আরও বাড়বে। তাই বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, প্রয়োজনীয় মজুত এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে এখন থেকেই সতর্ক থাকা প্রয়োজন।

    তবে আশার কথা, কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে। রাশিয়াও কূটনৈতিক যোগাযোগে যুক্ত হয়েছে। কিন্তু পারস্পরিক অবিশ্বাস, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তার প্রশ্নে দুই পক্ষের অনমনীয়তা সমঝোতার পথ কঠিন করে তুলছে।

    মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনকে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য সম্পর্কে সতর্ক করেছে। কিন্তু সামরিক চাপ বাড়ালেই যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় সীমিত হামলাও বৃহত্তর যুদ্ধের সূচনা করতে পারে। ইসরায়েলের রাজনৈতিক অবস্থানও পরিস্থিতিকে জটিল করে তুলছে। তাই একতরফা শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই হবে বিচক্ষণতার পরিচয়।

    এ সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। জাতিসংঘ, আঞ্চলিক শক্তি ও প্রভাবশালী রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নিতে হবে। হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, কোনো পক্ষের রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তের মূল্য যেন বিশ্বের সাধারণ মানুষকে দিতে না হয়।

    বিশ্ববাসী আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের বোঝা বহন করার অবস্থায় নেই। সামরিক শক্তি দিয়ে সাময়িকভাবে প্রতিপক্ষকে চাপে রাখা গেলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। বরং পাল্টাপাল্টি পদক্ষেপ সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই এ বাস্তবতা উপলব্ধি করতে হবে। শক্তি প্রদর্শন নয়, এখন প্রয়োজন সংযম, পারস্পরিক আস্থা ও কূটনৈতিক প্রজ্ঞা। অন্যথায় একটি ভুল সামরিক সিদ্ধান্তই বিশ্ব অর্থনীতিকে আবারও গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ