বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চার মাস পর গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন নুসরাত ফারিয়া

চার মাস পর গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শিল্পাঙ্গনে বিস্ময় ও সমালোচনার ঝড় ওঠে।

মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পাওয়ার পরও নুসরাত ফারিয়া দীর্ঘ সময় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে চার মাসের নীরবতার পর অবশেষে তিনি প্রকাশ্যে এ ইস্যুতে নিজের অবস্থান ও অনুভূতি জানালেন।

শিল্পী হিসেবে তার এ প্রকাশ্যে মন্তব্য অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে সমর্থকরা মনে করছেন, নুসরাত ফারিয়ার সাহসিকতা সামাজিক আন্দোলন ও বৈষম্যবিরোধী প্রচেষ্টাকে নতুন প্রেরণা দিতে পারে।

এ ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং অভিনেত্রীর বক্তব্য সমাজে আলোচনার সুযোগ তৈরি করেছে।

নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা-এর বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, এ রকম কিছু হবে কখনো কল্পনাও করিনি। দুঃস্বপ্নেও ভাবিনি। যে জীবনটা স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট জিনিসেই খুশি ছিলাম, সেখানে এত বড় জটিলতা এসে গেল। কী করব, কী করব না এসব ভাবতে গিয়ে ভীষণ হতাশ হয়েছি।

তিনি আরও যোগ করেন, আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। ওই ঘটনার পর আমি মানসিকভাবে অবশ্যই আরও বড় হয়েছি। এটা আমার প্রথম সাক্ষাৎকার, আমি আগে কোথাও কথা বলিনি।

অভিনেত্রীর মতে, যা তার সঙ্গে ঘটেছে, তা অন্য কারও সঙ্গেও ঘটতে পারত। তবে তিনি ভাগ্যবান যে, মানুষের ভালোবাসা, পরিবারের দোয়া ও আশীর্বাদে কঠিন সময় কাটিয়ে আবারও কাজে ফিরতে পেরেছেন।

জামিন পাওয়ার ১০-১৫ দিন পরই তিনি শুটিংয়ে ফিরেছেন জানিয়ে ফারিয়া বলেন, পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা। সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে চিরদিন আটকে রাখতে পারবে না। বিপদের মুখে পড়লেও সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা।

নুসরাত ফারিয়ার মতে, সেই কঠিন সময় তাকে শুধু মানসিকভাবে পরিণতই করেনি, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন