শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই

    ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময় মূলধারার হিন্দি সিনেমায় নারী চরিত্রের পরিচয় নির্ধারিত হতো মূলত পুরুষ প্রধান চরিত্রের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। নায়কের প্রেমিকা, স্ত্রী কিংবা সহযোগী হিসেবেই পর্দায় দেখা যেত অধিকাংশ অভিনেত্রীকে। তবে ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারে সেই চেনা চিত্র বদলাতে শুরু করেছে। এখন অনেক সিরিজের গল্প এগিয়ে যাচ্ছে নারী চরিত্রকে কেন্দ্র করেই।

    অপরাধ, রাজনীতি, পারিবারিক টানাপোড়েন কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব—বিভিন্ন ঘরানার সিরিজে নারীরা হয়ে উঠছেন কাহিনির প্রধান চালিকাশক্তি। শুধু তাঁদের শক্তি বা সাফল্য নয়, ব্যক্তিগত দুর্বলতা, উচ্চাকাঙ্ক্ষা, ভুল সিদ্ধান্ত, সংকট ও লড়াইও তুলে ধরা হচ্ছে পর্দায়। ফলে প্রচলিত নায়িকা-ভাবনার বাইরে গিয়ে তৈরি হচ্ছে নারীর বহুমাত্রিক পর্দার পরিচয়।

    নায়কের অপেক্ষা নয়, গল্প এগিয়ে নিচ্ছেন নারীরা

    ওটিটির বড় পরিবর্তনগুলোর একটি হলো নারীপ্রধান গল্পের বিস্তার। এসব গল্পে নারী চরিত্রের এগিয়ে যাওয়ার জন্য কোনো পুরুষের উপস্থিতি বা সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছে না। বরং নিজেদের পরিস্থিতি মোকাবিলা করেই তাঁরা এগিয়ে নিচ্ছেন কাহিনি। সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া’ তার উল্লেখযোগ্য উদাহরণ।

    সিরিজটিতে আরিয়া নামের এক নারীকে দেখা যায়, যিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসার দায়িত্ব নেন। একপর্যায়ে তাঁকে জড়িয়ে পড়তে হয় অপরাধজগতের সঙ্গে। তবে আরিয়া কোনো অপ্রতিরোধ্য অ্যাকশন নায়িকা নন। পরিস্থিতির চাপে তাঁকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত, মোকাবিলা করতে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব। সময়ের সঙ্গে বদলে যায় তাঁর অবস্থান ও ভূমিকা।

    অন্যদিকে ‘অরণ্যক’ সিরিজে রবীনা ট্যান্ডন অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। রহস্যময় অপরাধের তদন্ত করতে গিয়ে পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁকে সামলাতে হয় ব্যক্তিগত জীবনের নানা সংকট। ফলে চরিত্রটি শুধু একজন তদন্তকারীর পরিচয়ে সীমাবদ্ধ থাকে না; তাঁর ব্যক্তিগত জীবন ও দায়িত্ববোধও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

    নারী চরিত্রকে সব সময় আদর্শ, নিখুঁত কিংবা সবার পছন্দের হতে হবে—ওটিটি সেই ধারণা থেকেও বেরিয়ে আসার সুযোগ তৈরি করেছে। এসব সিরিজে নারীরা যেমন উচ্চাকাঙ্ক্ষী, তেমনি অনিশ্চয়তায়ও ভোগেন। কখনো তাঁরা দৃঢ়, আবার কখনো ভঙ্গুর। এমন বহুমাত্রিক উপস্থাপন চরিত্রগুলোকে আরও বাস্তব করে তুলছে।

    ‘দিল্লি ক্রাইম’ সিরিজে ডেপুটি পুলিশ কমিশনার বর্তিকা চতুর্বেদীর চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। কঠিন অপরাধের তদন্তের পাশাপাশি একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁকে নিতে হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পেশাগত দায়িত্বের চাপ ও মানসিক টানাপোড়েনও সামলাতে হয়। অতিরঞ্জিত বীরত্বের বদলে অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দৃঢ়তার মধ্য দিয়ে চরিত্রটির কর্তৃত্ব প্রকাশ পেয়েছে।

    এদিকে ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা আনন্দের ভূমিকায়। বাইরে থেকে তারকাখ্যাতির ঝলমলে জগৎ দেখা গেলেও ব্যক্তিগত জীবনে অনামিকার রয়েছে নানা জটিলতা। খ্যাতির চাপ, পারিবারিক সম্পর্ক এবং বিনোদনজগতে একজন নারীর ওপর তৈরি হওয়া প্রত্যাশার বিষয়গুলো উঠে এসেছে সিরিজটিতে।

    ক্ষমতার জায়গাগুলোতেও নারীর উপস্থিতি

    অপরাধ ও রাজনৈতিক গল্পে নারীর নেতৃত্ব এবং কর্তৃত্বের বিষয়টিও নতুনভাবে সামনে এনেছে ওটিটি। এত দিন যেসব পরিসরকে মূলত পুরুষ চরিত্রের আধিপত্যের জায়গা হিসেবে দেখা হতো, সেখানেও নারীরা হয়ে উঠছেন গল্পের কেন্দ্রীয় চরিত্র।

    ‘মহারানি’ সিরিজে হুমা কুরেশি অভিনয় করেছেন রানি ভারতীর ভূমিকায়। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল অঙ্গনে তাঁর প্রবেশই সিরিজটির মূল উপজীব্য। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার দ্বন্দ্ব ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন রানি।

    ‘আরিয়া’তেও দেখা যায়, পরিবারের ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বিপজ্জনক অপরাধজগতের সঙ্গে লড়াই করছেন একজন নারী। দুই সিরিজের প্রেক্ষাপট আলাদা হলেও উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা ও টিকে থাকার সংগ্রামে নারীর অবস্থান সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন চরিত্রে প্রতিষ্ঠিত অভিনেত্রীরা

    ওটিটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত অভিনেত্রীদের জন্যও তৈরি করেছে নতুন সম্ভাবনা। বড় পর্দায় গড়ে ওঠা পরিচিত ইমেজের বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। কাজল ‘দ্য ট্রায়াল’ সিরিজে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। ব্যক্তিগত সংকটের পর পেশাগত জীবনে ফিরে আসার লড়াই উঠে এসেছে তাঁর চরিত্রে।

    অন্যদিকে ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত এবং ‘অরণ্যক’-এ রবীনা ট্যান্ডন নিজেদের পরিচিত অভিনয়ধারার বাইরে গিয়ে ভিন্ন ঘরানার চরিত্রে কাজ করেছেন। এসব কাজের মধ্য দিয়ে দীর্ঘ অভিনয়জীবনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। একই সঙ্গে পুরো একটি সিরিজের গল্প নিজেদের অভিনয় দিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রও তৈরি হয়েছে।

    নারীপ্রধান গল্পের এই পরিবর্তন শুধু প্রতিষ্ঠিত তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের নারীদের জীবন, অভিজ্ঞতা ও স্বপ্নও জায়গা করে নিচ্ছে স্ট্রিমিং কনটেন্টে। ‘গার্লস হোস্টেল’ ও ‘ইঞ্জিনিয়ারিং গার্লস’-এর মতো সিরিজে উঠে এসেছে শিক্ষাজীবন, বন্ধুত্ব, স্বাধীনতা ও উচ্চাকাঙ্ক্ষার নানা দিক।

    এসব গল্পে অপরাধ কিংবা রাজনীতির মতো বড় কোনো প্রেক্ষাপট নেই। বরং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং সেই সিদ্ধান্তের পরিণতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। নিজেদের মতো করে জীবন গড়ে তোলার পথে নারীদের আনন্দ, সংকট ও সম্পর্কের টানাপোড়েনও হয়ে উঠেছে গল্পের অংশ।

    একজন নারীকে শক্তিশালী চরিত্র হয়ে উঠতে হলে পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ কিংবা সফল ব্যবসায়ী হতে হবে—এমন কোনো শর্ত নেই। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, পারিবারিক প্রত্যাশাকে প্রশ্ন করা, অন্যায়ের প্রতিবাদ জানানো কিংবা সমাজের প্রচলিত ধারণার সঙ্গে আপস না করাও ক্ষমতার প্রকাশ হতে পারে।

    স্ট্রিমিং প্ল্যাটফর্ম নারীদের নিয়ে গল্প বলার পরিসর বাড়িয়েছে। তবে আরও বৈচিত্র্যময় নারী চরিত্র ও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ রয়েছে। তারপরও নারীপ্রধান সিরিজের ক্রমবর্ধমান উপস্থিতি হিন্দি বিনোদনজগতে চরিত্র নির্মাণের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। নারীরা এখন আর শুধু অন্য কারও গল্পের অংশ নন; বরং নিজেরাই হয়ে উঠছেন গল্পের কেন্দ্র, সিদ্ধান্তের নিয়ন্ত্রক এবং কাহিনি এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন