বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কুমার বিশ্বজিৎ ফের মঞ্চে, ভালোবাসা দিবসে টরন্টো মাতাবেন

কুমার বিশ্বজিৎ ফের মঞ্চে, ভালোবাসা দিবসে টরন্টো মাতাবেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আবারও মঞ্চে ফিরে আসছেন।বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়ে প্রবাসী বাঙালিদের সুরের মূর্ছনায় ভাসাবেন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি স্কারবরোর গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হবে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। ভালোবাসা দিবসের বিশেষ এ আয়োজনে এককভাবে গান পরিবেশন করবেন এই তারকা শিল্পী। তার কণ্ঠে শোনা যাবে সিনেমা ও অ্যালবামের জনপ্রিয় সব গান।

কয়েক বছর আগে একমাত্র ছেলে কুমার নিবিড় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর সংগীতে অনিয়মিত হয়ে পড়েন বিশ্বজিৎ। ছেলের চিকিৎসার জন্য পরিবারসহ দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন তিনি। তবে ভক্তদের ভালোবাসা ও অনুরোধেই আবার কনসার্টে ফিরেছেন বলে জানিয়েছেন এই শিল্পী।

কুমার বিশ্বজিৎ বলেন, ‌‘শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার মঞ্চে ফিরছি।’

১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর আগে থেকেই গান করে আসছেন তিনি। চার দশকের সংগীত জীবনে উপহার দিয়েছেন ‘তুমি রোজ বিকেলে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘ভিটা নাই রে’, ‘তুমি আমার প্রাণের স্বামী’সহ অসংখ্য জনপ্রিয় গান।

ভালোবাসা দিবসে প্রিয় শিল্পীর লাইভ পরিবেশনা ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন