বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তানিয়া বৃষ্টি সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে

তানিয়া বৃষ্টি সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলা বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সম্প্রতি জানা যায়, তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। অস্ত্রোপচারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দিয়ে সবার কাছে দোয়া কামনা করেন এই অভিনেত্রী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, অস্ত্রোপচারের পর তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, চলছে চিকিৎসা | The Daily  Star

নির্মাতা জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল আহমেদ আরও বলেন, ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকে, তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময়ে হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধও জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমার অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন