বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নিউ ইয়র্কের সালসা কিংবদন্তি উইলি কোলন আর নেই

নিউ ইয়র্কের সালসা কিংবদন্তি উইলি কোলন আর নেই
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আমেরিকার নিউ ইয়র্কের সালসা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সংগীতশিল্পী উইলি কোলন মারা গেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সেই বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। বলা হয়, ‌‘আমরা তাঁর অনুপস্থিতিতে শোকাহত হলেও, সংগীতে তাঁর কালজয়ী উপহার এবং তাঁর স্মৃতিগুলোর জন্য আনন্দিত, যা চিরকাল বেঁচে থাকবে।’

একইসঙ্গে বিবৃতিতে শোকের এই সময়ে সংগীতশিল্পীর পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বানও জানানো হয়।

১৯৫০ সালের ২৮ এপ্রিল নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন উইলি কোলন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল ম্যালো’ অ্যালবামের মাধ্যমে তাঁর সংগীতজীবন শুরু হয়। কণ্ঠশিল্পী হেক্টর লাভোর সঙ্গে তাঁর জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। বিশেষ করে ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলে’ সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত।

দীর্ঘ ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। তিনি ৮ বার গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন এবং অর্জন করেছিলেন একাধিক প্ল্যাটিনাম ও গোল্ড রেকর্ড।

সংগীতশিল্পী ছাড়াও তিনি ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন। এ ছাড়া ‘মিয়ামি ভাইস’ ও ‘দ্য লাস্ট ফাইট’র মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন