বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সিয়ামের ‘জংলি’র ছাপ মেলাচ্ছে যশের নতুন লুকে?

সিয়ামের ‘জংলি’র ছাপ মেলাচ্ছে যশের নতুন লুকে?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দর্শকমহলে দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে এখন ব্যাপক উন্মাদনা চলছে। সম্প্রতি সিনেমার দুটি টিজার প্রকাশিত হওয়ার পর যশের নতুন লুক নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে এই আলোচনা চলার মাঝেই সামাজিক মাধ্যমে নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দর্শকদের একাংশ যশের নতুন লুককে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার লুকের সঙ্গে তুলনা করছেন; যশের ‘রায়া’ ও ‘টিকিট’ সিনেমার লুকের এই রূপান্তর অনেকের মনে সিয়ামের ‘জংলি’ এবং ‘জনি’ চরিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর জন্য যশ নিজেকে আমূল বদলে ফেলেছেন। সিনেমাটির অফিশিয়াল পেজ থেকে যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টিজারে রায়া চরিত্রে যশকে তার চিরচেনা লম্বা চুল ও ঘন দাড়িতে দেখা গেছে, যেখানে কুয়াশার মাঝে সিগারেট হাতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আবার দ্বিতীয় চরিত্র টিকিট দিয়েও চমকে দিয়েছেন যশ। ছোট চুল ও একদম ক্লিন শেভড লুকে যশকে চেনাই দায়। সোমবার তার এই পরিবর্তনের একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় বেশ আলোচনা।

মূলত, যশের এই ভোলবদলের খবরটি সামনে আসতেই দর্শকরা গত বছর মুক্তি পাওয়া সিয়ামের ‘জংলি’ সিনেমার পোস্টারের সাথে এর তুলনা করছেন। সিয়ামও ঠিক একইভাবে উসকো-খুসকো চুল আর ঘন দাড়ির একটি কর্কশ লুকে ধরা দিয়েছিলেন, যেখানে তার কাঁধে ছিল একটি কাক। পরবর্তীতে তিনি ‘জনি’ নামক এক মার্জিত লুকে হাজির হন, যেখানে দাড়িহীন মুখে মাথায় জেল দিয়ে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায় তাকে। সিয়াম সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আছি জনির সাথে। জংলির সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হওয়ার পালা’।

সামাজিক মাধ্যমে দর্শকদের কেউ কেউ বিষয়টিকে ‘অনুকরণ’ হিসেবে সন্দেহ করলেও কোনো পক্ষ থেকেই বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে দুই সিনেমার চরিত্রেই ‘রাফ’ লুকে দাড়ি-চুলের আধিক্য এবং পরবর্তীতে ক্লিন শেভড ‘ডিসেন্ট’ লুকের এই ধারা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। সিয়ামের মতো যশের সিনেমাতেও কি তবে দ্বৈত চরিত্রের বড় কোনো চমক থাকছে? উত্তর মিলবে আগামী ১৯ মার্চ, সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন