বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদে প্রীতমের নতুন চ্যালেঞ্জ: রোম্যান্স নয়, অ্যাকশন

ঈদে প্রীতমের নতুন চ্যালেঞ্জ: রোম্যান্স নয়, অ্যাকশন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এবার অভিনয়ের মাধ্যমে নিজের নতুন দিকটি প্রমাণ করতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। তবে এবার তিনি আর কোনো রোম্যান্টিক বা জীবনঘনিষ্ঠ চরিত্রে নয়, পুরো অ্যাকশন লুকে হাজির হচ্ছেন। আসন্ন ঈদে নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ মুক্তি পাবে, যেখানে একেবারে নতুন অবতারে দেখা যাবে প্রীতমকে। এ ওয়েব সিরিজে প্রথমবারের মতো প্রীতমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

নিজের নতুন কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রীতম হাসান। বলেন, আগে দর্শক আমাকে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এর চরিত্রটি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, তবে সিরিজটিতে জেমস বন্ড বা ‘০০৭’-এর একটা ভাইব থাকবে। একটি সুন্দর গল্পের পাশাপাশি ভরপুর অ্যাকশন থাকছে এতে।

মেহজাবীনের সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে তিনি আরও বলেন, মেহজাবীন দারুণ অভিনয় করেন, সহশিল্পী হিসেবেও তিনি চমৎকার। নির্মাতা শিহাব শাহীন ভাই খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আমার বিশ্বাস, ঈদে প্রশংসিত কনটেন্টগুলোর মধ্যে এটি অন্যতম হবে।

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই সিরিজের বেশিরভাগ অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। ঢাকায় কয়েক দিনের কাজ বাকি থাকলেই পুরো প্রজেক্টটি সম্পন্ন হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে প্রীতম বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এবারের ‘ক্যাকটাস’ সিরিজটিও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন