বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মামলায় গ্রেপ্তারের পরদিন নোবেলের জামিন

মামলায় গ্রেপ্তারের পরদিন নোবেলের জামিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ উভয় পক্ষের আপসের ভিত্তিতে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বেলা ২টা ৫৫ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। শুনানিকালে বিচারক বাদীপক্ষের কাছে জানতে চান, তারা আপসে আগ্রহী কিনা। বাদী সম্মতি জানালে আপসের শর্তে জামিনের আদেশ দেন আদালত।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের স্ত্রী, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। অভিযোগে বলা হয়েছে, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি বাদীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন এবং পরে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। অন্য আসামিরা তাকে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে দায়ের করা আরেক মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে কারাগারে থাকা অবস্থায় মামলার বাদীকে বিয়ে করার পাঁচদিন পর, ২৪ জুন তিনি জামিন লাভ করেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন