বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রিয়াঙ্কার ‘দ্য ব্ল্যাফ’সহ চলতি সপ্তাহের ওটিটি হাইলাইটস

প্রিয়াঙ্কার ‘দ্য ব্ল্যাফ’সহ চলতি সপ্তাহের ওটিটি হাইলাইটস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিনোদন জগতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এই সপ্তাহে বিভিন্ন ভাষা ও ভিন্নধর্মী গল্পের নতুন সিনেমা ও সিরিজ প্রকাশ পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রিলিজগুলো দর্শকদের জন্য অপেক্ষা করছে।

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (জিওহটস্টার)
গত ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইংরেজি ভাষার রাজনৈতিক থ্রিলারটি। লিওনার্দো ডিক্যাপ্রিও ও শন পেন অভিনীত সিনেমাটিতে একটি উগ্র বামপন্থি গোষ্ঠীর সদস্যদের সংগ্রাম এবং ডিটেনশন ক্যাম্প থেকে বন্দিদের মুক্ত করার পরবর্তী জটিল পরিস্থিতির রোমাঞ্চকর চিত্রায়ন তুলে ধরা হয়েছে।

দ্য ব্ল্যাফ (প্রাইম ভিডিও)
উনিশ শতকের শেষভাগের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও কার্ল আরবান অভিনীত ছবিতে একজন সাবেক জলদস্যুর শান্ত জীবনে পুরোনো শত্রুর প্রত্যাবর্তনের ফলে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা ফুটিয়ে তোলা হয়েছে।

অ্যাকিউজড (নেটফ্লিক্স)
হিন্দি ভাষার সিনেমা ‘অ্যাকিউজড’ গত ২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কঙ্কনা সেন শর্মা অভিনীত এই ছবির গল্প আবর্তিত হয়েছে লন্ডনে প্রবাসী একজন চিকিৎসকের জীবন নিয়ে। তাঁর সাজানো ক্যারিয়ার যৌন হেনস্তার একটি বেনামি অভিযোগে বিপর্যস্ত হয়ে যায়।

মোনার্ক: লিগ্যাসি অব মনস্টারস (অ্যাপল টিভি)
সায়েন্স ফিকশন ও অ্যাডভেঞ্চার সিরিজের দ্বিতীয় মৌসুম ২৭ ফেব্রুয়ারি থেকে প্রদর্শিত হচ্ছে। এই মৌসুমে রহস্যময় স্কাল আইল্যান্ড এবং নতুন দানব টাইটান এক্স-এর সঙ্গে মোনার্কের সংঘাত নতুন মাত্রা লাভ করেছে।

পল ম্যাককার্টনি: ম্যান অন দ্য রান (প্রাইম ভিডিও)
প্রখ্যাত সংগীতশিল্পী পল ম্যাককার্টনির জীবনের অজানা অধ্যায় নিয়ে নির্মিত তথ্যচিত্রটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। মর্গ্যান নেভিলের পরিচালনায় প্রামাণ্যচিত্রে পলের নতুন ব্যান্ড গঠন, পারিবারিক স্মৃতি এবং জন লেননের সঙ্গে তার জটিল সম্পর্কের নানা দিক অপ্রকাশিত ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন