বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নেট দুনিয়ায় ক্রমাগত কটাক্ষে আক্রান্ত অর্জুন কাপুর

নেট দুনিয়ায় ক্রমাগত কটাক্ষে আক্রান্ত অর্জুন কাপুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন ধরে মানসিক হেনস্তা ও বিষণ্ণতায় ভুগছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নানা সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মানসিক অবস্থার কথা ব্যক্ত করেছেন।

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনয় দক্ষতা, সবকিছু নিয়েই নেটদুনিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।

এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই নামটিকে পুঁজি করে নিজেদের প্রচার চাইছে।

জাহ্নবী বলেন, ‘অনেকে বিতর্ক তৈরি করে খ্যাতি বাড়াতে চায়। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়। কেউ ভিডিও বানালে বা কটাক্ষ করলে তা মনে গেঁথে রাখলে কষ্ট বাড়বে। দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরে নেওয়া উচিত নয়।’

তবে ভাই অর্জুনের ক্ষেত্রে বিষয়টি যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তা মেনে নিয়েছেন জাহ্নবী। তার কথায়, ‘যখন সমালোচনা কেবল আর সমালোচনা থাকে না বরং হেনস্তায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে।’ 

‘আমার ভাইয়ের সঙ্গে ঠিক এটাই হয়েছে। এর পেছনে আসলে কোনো যৌক্তিক কারণ নেই। তাই এ ধরনের নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ।’

অর্জুনের এই প্রতিকূল সময়ে বোন হিসেবে জাহ্নবীর এই সমর্থন ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা যে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে, অর্জুন কাপুর তার অন্যতম উদাহরণ।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন