বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরান সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি গোপন বৈঠক

ইরান সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি গোপন বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে।

শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় এই পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, জাতিসংঘের দুই কূটনীতিক জানিয়েছেন—ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে রাশিয়া এই বৈঠকের আহ্বান জানায়। বর্তমানে পরিষদের আবর্তনশীল সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উত্তেজনা কমানো, যুদ্ধবিরতি কিংবা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নতুন কোনো উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে ইরানের পবিত্র শহর কোমসহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার কূটনৈতিক উদ্যোগ বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ওয়াশিংটনে রুশ ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক হলেও ইরান ইস্যুতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

এদিকে, সংঘাত তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও উদ্বেগ প্রকাশ করছে। সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালি সচল রাখতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ইরানে পাকিস্তানি দূতাবাসের কাছে বিস্ফোরণ এবং অপ্রাপ্তবয়স্কদের যুদ্ধে সম্পৃক্ততার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে জাতিসংঘের এই বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।


সূত্র: আল জাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন