বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গ্রেপ্তার হলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

 গ্রেপ্তার হলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

গত সেপ্টেম্বরে দেশটিতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভের পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষও ভূমিকা রেখেছিল। আন্দোলনের প্রথম দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন।

ওলির গ্রেপ্তারের বিষয়ে তার দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, শনিবার সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র ওম অধিকারীও ওলি এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়ে র‌্যাপার বালেন্দ্র শাহ শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেপ্তার করা হলো, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন