‘দেনা পাওনা’র পর নতুন ধারাবাহিকে অ্যালেন শুভ্র-ছোঁয়া

ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ দিয়ে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া। নাটকটি গত মাসে শেষ হলেও তাঁদের জুটিকে আবার পর্দায় দেখতে চেয়েছেন ভক্তরা। সেই চাওয়া পূরণ করতেই নতুন ধারাবাহিক ‘চেনা অচেনা’য় আবার একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।
দ্বিতীয়বার ধারাবাহিকে জুটি হতে পেরে উচ্ছ্বসিত তাবাচ্ছুম ছোঁয়া। দর্শকেরা তাঁকে ‘খায়রুলের বউ’ বলে ডাকেন জানিয়ে তিনি বলেন, ‘দেনা পাওনা’ শেষ হওয়ার পরও অনেকেই তাঁদের একসঙ্গে দেখতে চেয়ে বার্তা দিয়েছেন। কেউ কেউ ধারাবাহিকটির দ্বিতীয় অংশও চেয়েছেন। দর্শকের এই ভালোবাসাই আবার একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে বলে জানান অভিনেত্রী।
প্রায় দুই বছর আগে ধারাবাহিক নাটকটিতে অভিনয়ের প্রস্তাব পান ছোঁয়া। শুরুতে সাধারণ একটি নাটক হিসেবেই কাজটি করেছিলেন তিনি। পরে অ্যালেন শুভ্রর সঙ্গে তাঁর জুটি দর্শকের আলোচনায় উঠে আসে। পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে তাঁদের বাস্তব সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়।
একবার ছোঁয়া জানিয়েছিলেন, পর্দায় তাঁদের দেখে তাঁর মা মজা করে অ্যালেন শুভ্রকে বিয়ে করার কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে অ্যালেন শুভ্রও রসিকতার সুরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এই জুটির জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যালেন শুভ্র বলেছেন, তাঁদের অভিনয়ের স্বাভাবিকত্বই দর্শকের ভালো লাগার মূল কারণ। অন্যদিকে ছোঁয়ার মতে, পর্দায় তাঁদের সম্পর্ককে বাস্তব মনে হওয়ায় দর্শকেরা সহজেই চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হতে পেরেছেন। ভালো গল্প ও নির্মাণও এতে ভূমিকা রেখেছে।
নতুন কাজটিতে অবশ্য ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁদের। তাবাচ্ছুম ছোঁয়া অভিনয় করেছেন চঞ্চল চরিত্রে। অন্যদিকে অ্যালেন শুভ্রকে দেখা যাবে রাস্তায় ভিক্ষা করা এক ব্যক্তির ভূমিকায়। একটি বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে মিনি সিরিজটির গল্প।
‘চেনা অচেনা’র প্রথম পর্ব বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এটি পরিচালনা করেছেন ওমর ফারুক এবং প্রযোজনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল মিঠু ও এম এন ইউ রাজুসহ অনেকে।