বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরানের পাশে থাকার ঘোষণা দিল সৌদি আরব

ইরানের পাশে থাকার ঘোষণা দিল সৌদি আরব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সোমবার (১৩ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা, যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি এবং মার্কিন উসকানিমূলক কর্মকাণ্ডে সৃষ্ট ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়েও সৌদি আরবকে অবহিত করা হয়।

আরাঘচি দাবি করেন, ইরান সদিচ্ছা ও দায়িত্বশীলতার সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। তবে মার্কিন পক্ষের অতিরিক্ত ও অনড় অবস্থানের কারণে কোনো কার্যকর ফলাফল আসেনি বলে তিনি অভিযোগ করেন। তার মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলমান কূটনৈতিক উদ্যোগগুলো সফল হবে এবং তা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি এখনও অস্থির। হরমুজ প্রণালীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা এবং আলোচনার অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও ইরানের শীর্ষ পর্যায়ের এই যোগাযোগ আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব সরাসরি কোনো পক্ষ না নিয়ে বরং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।

অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন