বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার প্রচেষ্টা জোরদার করতে মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) তিনি জেদ্দার উদ্দেশে রওনা হবেন। সৌদি আরবে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর কাতার সফরে যাবেন তিনি।

কাতারে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন শাহবাজ শরিফ। এরপর তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত শনিবার ইসলামাবাদে তাদের উদ্যোগে দুই দেশের মধ্যে প্রথম দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।

যদিও ওই আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবুও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানকে ঘিরে কিছু ঘটতে পারে।”

তবে শাহবাজ শরিফের এই সফর পরবর্তী আলোচনায় কী প্রভাব ফেলবে, তা এখনো পরিষ্কার নয়। সফর শেষে তার আগামী শনিবার ইসলামাবাদে ফেরার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন