বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পাপারাজ্জিদের ওপর চটলেন কারিশমা

পাপারাজ্জিদের ওপর চটলেন কারিশমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাপারাজ্জিদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রবণতা নিয়ে বলিউডে বিতর্ক দীর্ঘদিনের। এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন নব্বই দশকের হার্টথ্রব অভিনেত্রী কারিশমা কাপুর। পেছন থেকে অকারণে জুম করে ছবি তোলার ঘটনায় প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। বরাবরের মতো হাসিমুখে পোজ দিয়ে পেশাদারিত্বের পরিচয় দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন। কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পেছন থেকে অকারণে ‘জুম’ করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তাঁর। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’

কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "পাপারাজ্জিদের এই আচরণ সত্যিই অসম্মানজনক। এর আগে সিড-কিয়ারার ক্ষেত্রেও এমন আপত্তিকর জুম করতে দেখা গেছে তাদের।" অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, "শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরা এসব বন্ধ করতে বাধ্য হবে।"

ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার। সেখানে বিচারকের আসনে কারিশমার উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। কারিশমার সেই চিরচেনা নস্টালজিক ড্যান্স মুভ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন