বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হঠাৎ স্ট্রিমিং বেড়েছে জ্যাকসনের গানে

হঠাৎ স্ট্রিমিং বেড়েছে জ্যাকসনের গানে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আবারও বর্তমান সময়ের জনপ্রিয় ও ভাইরাল গানগুলোকে পেছনে ফেলে বিশ্ব সংগীতের শীর্ষ তালিকায় জায়গা করে নিচ্ছেন ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন। চার দশক আগে প্রকাশিত তার কালজয়ী গানগুলো নতুন করে স্পটিফাই গ্লোবাল চার্টে শক্ত অবস্থান তৈরি করেছে। প্ল্যাটফর্মটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জ্যাকসনের দুটি জনপ্রিয় গান এখন স্ট্রিমিং তালিকার শীর্ষ ১৫-এর মধ্যে রয়েছে।

জ্যাকসনের এই গানের স্ট্রিম সংখ্যা বলা যায় হঠাৎ করেই বেড়েছে; গত কয়েক দিন ধরে এটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছিল।

স্পটিফাই গ্লোবাল টপ চার্টের সোমবারের আপডেট বলছে, পপ সম্রাটের ‘বিলি জিন’ গানটি এখন তালিকার ৫ নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহজুড়ে গানটি ২ কোটি ৮৫ লাখ ৯ হাজারেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে। অন্যদিকে তার আরেক জনপ্রিয় গান ‘বিট ইট’ ২ কোটি ২১ লাখ ৪৯ হাজারের বেশি স্ট্রিম নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে।

 জাস্টিন বিবার, বিটিএস এবং ওলিভিয়া রদ্রিগোর মতো বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের গানের সঙ্গে পাল্লা দিয়ে আশির দশকের গানের এই অভাবনীয় সাফল্য সংগীত বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে বিশ্বজুড়ে তার গানের শ্রোতা সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তার গানের স্ট্রিমিং বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও সিনেমাটির সুবাদে জ্যাকসনের ক্ল্যাসিক গানগুলোর দিকে ঝুঁকছেন। যা প্রমাণ করছে, সময়ের পরিবর্তন হলেও মাইকেল জ্যাকসনের গানের  আবেদন এখনো অমলিন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন