বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ফুসফুস সমস্যায় ঝুঁকিতে কারিনার লিভার ট্রান্সপ্লান্ট

ফুসফুস সমস্যায় ঝুঁকিতে কারিনার লিভার ট্রান্সপ্লান্ট
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারিনার বাবা কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদও সেখানে গেছেন। ইতোমধ্যে তাদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং একজনের লিভার ডোনেট করার কথা রয়েছে।

কারিনার বাবা জানান, বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে কাজ করছেন, এরপর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশে থাকাকালে কারিনাকে অতিরিক্ত ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ফুসফুসে পানি জমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয়।

চিকিৎসকদের বরাতে পরিবারের সদস্যরা জানান, কারিনার লিভারে ভাইরাস সংক্রমণ রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে, কারণ বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনও তৈরি হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শুরুতে সাধারণ সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় হেপাটাইটিস এ ধরা পড়ে। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে দ্রুত অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দেয় এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবার দেশবাসীর কাছে কারিনার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন