বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তরুণদের উদ্দেশে কঙ্গনা: ক্যারিয়ারে মন দিন, মোহে নয়

তরুণদের উদ্দেশে কঙ্গনা: ক্যারিয়ারে মন দিন, মোহে নয়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও আলোচনায়। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্তমান প্রজন্মের জীবনধারা, ডেটিং সংস্কৃতি, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং সন্তানদের আচরণ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।

কঙ্গনা মনে করেন, ডিজিটাল দুনিয়ার অতিনির্ভরতা তরুণদের লক্ষ্যহীন ও মানসিকভাবে অস্থির করে তুলছে। তিনি লেখেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, বিভিন্ন সম্পর্কের জটিলতা, মাদক, ক্লাব ও পার্টির মতো বিষয়গুলো অনেক তরুণের জীবনের অংশ হয়ে উঠলেও এগুলো প্রকৃত আনন্দ এনে দিতে পারে না। বরং এমন জীবনযাপন মানুষকে বিভ্রান্ত ও উদ্দেশ্যহীন করে তোলে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আবেগ ও শক্তিকে ক্ষণস্থায়ী বিনোদনের পেছনে নয়, বরং ক্যারিয়ার গঠন ও ব্যক্তিগত সাফল্যের লক্ষ্যে কাজে লাগানো উচিত। তার ভাষায়, খোলা মনে চিন্তা করতে হবে, তবে জীবনযাপনে সংযম ও মূল্যবোধ ধরে রাখলে নেতিবাচকতা, একঘেয়েমি, মানসিক অবসাদসহ নানা সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

সন্তানদের আচরণ নিয়ে অভিভাবকদের দায় প্রসঙ্গেও মত দিয়েছেন কঙ্গনা। তার মতে, শুধু পারিবারিক পরিবেশ দেখে কোনো তরুণের মূল্যবোধ বিচার করা ঠিক নয়। বরং তাদের ওপর কারা প্রভাব ফেলছে, তারা কী ধরনের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের চিন্তাভাবনায় কী প্রভাব ফেলছে—এসব বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

পোস্টের শেষ অংশে কঙ্গনা বলেন, বর্তমান সময়ে অনেকেই বাস্তব জীবন ও ডিজিটাল জগতে ভিন্ন ভিন্ন পরিচয় তৈরি করেন এবং সমাজের কাছে একটি নির্দিষ্ট ভাবমূর্তি ধরে রাখতে চান। তাই সন্তানের প্রতিটি ভুলের জন্য পরিবার বা বাবা-মাকে দায়ী করা সবসময় যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন