বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সম্মানহানির দায় রাষ্ট্র নেবে কি? প্রশ্ন তুললেন পরীমণি

সম্মানহানির দায় রাষ্ট্র নেবে কি? প্রশ্ন তুললেন পরীমণি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় পরিচালিত র‍্যাবের অভিযানকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের একটি অনলাইন টকশোতে দেওয়া বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পরীমণির দাবি, তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় এবং দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরীমণি বলেন, র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে বহুদিন পর হলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, ওই সময়ের অভিযান ছিল পরিকল্পিত এবং বিশেষ স্বার্থসংশ্লিষ্ট একটি পদক্ষেপ।

তিনি আরও বলেন, সেই ঘটনার কারণে তাকে সামাজিকভাবে অপমানিত হতে হয়েছে এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন শিল্পী হিসেবে তার সম্মান, চরিত্র ও পরিচিতি প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, যার প্রভাব তিনি এখনো বহন করছেন।

পরীমণি জানান, তিনি প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচার চান। আদালতের মাধ্যমে মামলার ন্যায়সংগত নিষ্পত্তি এবং ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সেটিই তার প্রত্যাশা।

তিনি প্রশ্ন তুলে বলেন, একটি ঘটনার কারণে যে মানসিক কষ্ট, সামাজিক ক্ষতি ও সম্মানহানি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সে উত্তর তিনি জানতে চান।

অভিনেত্রী আরও বলেন, তিনি কখনো বিতর্কিত পরিচয়ে পরিচিত হতে চাননি। একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই পথ চলতে চেয়েছিলেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার জীবনের গতিপথ বদলে দিয়েছে।

পোস্টের শেষাংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে পারবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন